আজমের দ্বিতীয় বোমা; সৌমেনের টেলিকম ব্যবসা দুর্নীতির টাকায়
স্পেশাল ডেস্কঃ সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আজম খান জানিয়েছে , “রেলের অবৈধ টাকা সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলের টেলিকম ব্যবসায় দেওয়া হয়েছে। আমি নিজ হাতেই এই টাকা মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেই।”
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাত্কারে (২য় পর্ব) তিনি একথা জানান। শনিবার আরটিভি এই তার এই বিস্ফোরক সাক্ষাত্কারটি প্রচার করে।
সাক্ষাতকারে আজম খান বলেন, “আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকার সময়ও নিয়োগ-বদলিসহ অনেক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সুরঞ্জিত।
আজম বলেন, “সুরঞ্জিত সেনগুপ্ত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ফোন করে বলতেন, আমার এপিএসকে পাঠালাম। এই কয়েকটা কোটা ছিল। সুরঞ্জিত সেনগুপ্ত পাঁচটা পাঠালে এপিএস আরও পাঁচটা দিয়ে দিতেন। সেখান থেকে ফারুক টাকা পেতেন। ওই টাকার ভাগ সুরঞ্জিতের কাছেও যেতো।”
তিনি বলেন, “ফারুক সাহেব বলেন, “এখনো সময় আছে। টাকাটা কোথায় যাচ্ছে, তুমিও জানো আমিও জানি। সব ভার আমি নিয়েছি। তুমি আর কাউকে ফাঁসাইও না। সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসাইও না। তুমি আমাকেই ফাঁসাও। টাকাটা আমার, তুমি বলো।”
টাকা ধরিয়ে দেয়ার বিষয়ে তিনি বলেন, “আলোচনা শুনেছি যে গাড়িতে আর টাকা নেয়া হবে না। কারণ গাড়িতে টাকা নেয়া রিস্ক। চট্টগ্রাম থেকে সুরঞ্জিত সেনগুপ্তের এক বন্ধুর একাউন্টে এই টাকা পাঠানো হবে। সেখান থেকে তারা টাকা নেবেন। যখন এটি জানতে পারি তখনই আমি ঠিক করি টাকা সহ তাদের ধরিয়ে দেবো। গাড়িতে করে টাকা না নিলেতো আর ধরিয়ে দেয়া যাবে না। তাই এটিই শেষ সুযোগ মনে করে ধরিয়ে দিয়েছি।”
সাক্ষাৎকারে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আজম খান। আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে এলে তিনি খুন বা গুম হতে পারেন বলে আশঙ্কা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন বলেন, আমার খুব খারাপ লাগে। বাবা-মাকে দেখতে মন চায়।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেড কোয়ার্টারের ঝিগাতলা গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়েন চালক আজম খান। গাড়িটি ছিল ওমর ফারুকের। গাড়িতে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তার নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার।




