গুলশানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে
গোলাম ফারুক দুলাল,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তি, ১১ জুনের গণসমাবেশ সফলসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সোয়া ৯টায় গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, বেগম সারওয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত রয়েছেন।
হরতাল, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কারাগারের বাইরে থাকা দলের অপর স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম অসুস্থতার কারণে এ বৈঠকে উপস্থিত হননি বলে জানা গেছে। হরতালে গাড়ি পোড়ানো মামলায় কারাগারে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আসম হান্নান শাহ।
এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ।




