জামিন প্রশ্নে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি আজ

May 13, 2012 10:29 amViews:

গোলাম ফারুক দুলাল :হরতালে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আগাম জামিন প্রশ্নে হাইকোর্টের বিভক্ত আদেশের বিষয়টি নিষ্পত্তি করতে আজ রোববার তৃতীয় বেঞ্চে শুনানি হবে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন তৃতীয় বেঞ্চ গঠন করে আজ শুনানির জন্য ধার্য করেন। ওই বেঞ্চের দায়িত্বে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।

ফৌজদারি কার্যবিধি ও আপিল বিভাগের রায় বিশ্লেষণ করে বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন, তৃতীয় বেঞ্চে জোট নেতাদের ‘আগাম জামিন নাকচ বা শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর’ হলেও সাধারণ নিয়মে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। নিম্ন আদালত যদি জামিন না দেন, তাহলে জোট নেতারা কারাগারে যাবেন এবং সেখান থেকে উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারবেন।

এদিকে বিএনপিপন্থি আইনজীবীরা বলছেন, গাড়ি পোড়ানো মামলায় পুলিশ চার্জশিট দাখিল করায় আজ হাইকোর্টে তৃতীয় বেঞ্চে জোট নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য তিন সপ্তাহের সময় চাইবেন।

গত ২৯ এপ্রিল করা পৃথক দুই মামলায় ৭ মে জোট নেতাদের বিরুদ্ধে আগাম জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী চার্জশিট না দেওয়া পর্যন্ত আসামিদের আগাম জামিন দেন। অপরদিকে কনিষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সাত দিনের মধ্যে আসামিদের নিম্ন আদালতে আত্মসমপর্ণের আদেশ দেন। তবে এ সময় পর্যন্ত আইন-শৃঙ্খলা

বাহিনী তাদের গ্রেফতার বা হয়রানি করতে পারবে না। এর পর বৃহস্পতিবার হাইকোর্ট রুলস অনুযায়ী আগাম জামিনের আবেদনটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করেন।

এ প্রসঙ্গে বিএনপি নেতাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, তৃতীয় বেঞ্চের আদেশ আসামিদের জন্য সুবিধাজনক হবে না। কারণ চার্জশিট দেওয়া হয়েছে এবং সাত দিনও পার হয়ে গেছে। আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণে জন্য তিন সপ্তাহের সময় চেয়ে আবেদন করা হবে।

ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আনিসুল হক বলেন, অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এখন বিচার হবে আদালতে। আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তিনি বলেন, হাইকোর্টের তৃতীয় বেঞ্চে যে আদেশটা হবে, তা মূলত একাডেমিক। যেহেতু অভিযোগপত্র দাখিল করা হয়ে গেছে, সে ক্ষেত্রে তৃতীয় বেঞ্চের আদেশ অকার্যকর।

গাড়ি পোড়ানোর মামলায় দ্রুত বিচার আইনে করা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ।

Rank