পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ঘোষণা দিল বিশ্বব্যাংক

September 21, 2012 9:54 amViews:

মুরাদ মাহমুদ,
স্পেশাল করেসপন্ডেন্ট,
বিডি২৪লাইভ.কম:

অবশেষে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের কমিউনিকেশন অ্যাসোসিয়েট কেইটলিন বার্কজিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদ্মা সেতুর জন্য ১২০ কোটি ডলারের ঋণচুক্তি পুনর্বহালের ঘোষণা দেয় সংস্থাটি। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব শর্ত মেনে নেয়ার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৯ জুন পদ্মা সেতুর জন্য প্রতিশ্রুত ঋণ প্রত্যাহারের যে ঘোষণা দেয়া হয়েছিল তা বাতিল করা হলো।

বিবৃতিতে গত ২৯ জুন পদ্মা সেতুর জন্য প্রতিশ্রুত অর্থ প্রত্যাহার করে নেয়ার পেছনে যেসব কারণ ছিল তা উল্লেখ করে সেগুলো থেকে উত্তরণে বাংলাদেশ সরকারকে দেয়া শর্তগুলো তুলে ধরা হয়। শর্তগুলো পূরণে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ শর্তগুলো পূরণ করে বিশ্বব্যাংকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় এবং তারই পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বুধবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে অর্থায়ন নিয়ে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। গওহর রিজভী ও বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ২৯০ কোটি মার্কিন ডলার ধরা হয়েছিল। এতে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬১.৫ কোটি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ৪১.৫ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল। আর বাকি অর্থের যোগান দেয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিতের পর কয়েকটি শর্ত দেয় সংস্থাটি, যা পূরণ হয়নি জানিয়ে গত ২৯শে জুন পদ্মা সেতু প্রকল্পের সহায়তায় ১২০ কোটি ডলার ঋণচুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা। বিশ্ব ব্যাংকের ওই সিদ্ধান্তে সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হলেও পরে এই প্রকল্পে তাদের ফেরাতে সরকারের চেষ্টা চলতে থাকে। এর অংশ হিসেবে পদত্যাগ করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ছুটিতে যান সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমানের ছুটিতে যাওয়ার খবরও সরকারের একাধিক সূত্র জানায়, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন।

Rank