পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি বাস্তব চরিত্র আসমানী আর নেই
এস.এম. তরুন,
ফরিদপুর প্রতিনিধি,
বিডি২৪লাইভ.কম:
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমুদ্দীর ছোট্ট বাড়ী রসুলপুরে যাও।
পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি বাস্তব চরিত্র আসমানী আর নেই। আজ শনিবার ভোর ৩ টায় ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়নের রসুলপুরে নিজ বাড়ীতে বাধ্যর্ক জনিত রোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ………রাজেউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। আসমানী ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আসমানীকে আজ বাদ যোহর জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে স্বামী হাসেমউদ্দিন মন্ডল এর কবরের পাশে দাফন করা হবে।
গত ২৩ জুন আসমানী অসুস্থ্য হলে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে তার অবস্থা অবনতি হলে ২৭ জুলাই ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ১ মাস চিকিৎসা শেষে গত ৫ আগস্ট তাকে ফরিদপুরে রসুলপুরের বাড়ীতে নিয়ে আসা হয়।
পল্লী কবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি “আসমানি” কবিতাটি কবি ১৯৪৬ সালে আসমানীর নিজ গ্রাম রসুলপুরে বসে রচনা করেন। এটি কবির “এক পয়সার বাশীঁ” কাব্য গ্রন্থে সন্নিবেশীত হয়, এই বইটির প্রথম প্রকাশকাল ১৯৪৯ সাল, পরবর্তীতে কবিতাটি স্কুল শ্রেণীর পাঠ্য বইতে অর্ন্তভূক্ত করা হয়।




