ফের শ্রমিক অসন্তোষ; মহাসড়ক অবরোধ, গুলি, গাড়ী ভাংচুর

August 17, 2012 5:00 pmViews:

রূপগঞ্জ প্রতিনিধি : ফের উত্তপ্ত হয়ে উঠেছে রুপগঞ্জ। সেখানে বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ এবং ভাংচুর শুরু করেছে।

রূপগঞ্জে বেনেটেক্স গার্মেন্টে ফের শ্রমিক  অসন্তোষ:  ঈদ উপলক্ষ্যে বকেয়া হাফ বেতন ভাতার দাবীতে  রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার বেনেটেক্স (হারভেষ্ট রিচ ) গার্মেন্টে  শুক্রবার সকালে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে সড়কে থাকা কয়েকটি যানবাহন ভাংচুর করে। একপর্যায়ে  যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

পুলিশ , শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া হাফ বেতন ভাতার দাবি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া করে। পুলিশের পাশাপাশি স্থানীয়  ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও  শ্রমিকদের ধাওয়া করে। এসময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একই দাবীতে  বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ ৯ রাউন্ড  কাদানে সেল নিক্ষেপ ও ২৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়লে উত্তেজিত শ্রমিকরাও  ইটপাটকেল নিক্ষেপ করলে আহতের ঘটনা ঘটে। উত্তেজিত শ্রমিকরা পোশাক কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর ও ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াইঘন্টা অবরোধ করে রাখেন।

শ্রমিক আল-আমিন, ফজলুল হক, ইমান আলী, সাফিরুন, সালমা জানান, গত এক সপ্তাহ ধরে শ্রমিকরা চলতি মাসের হাফ বেতনের দাবী জানিয়ে আসছে। শ্রমিকদের দাবীর পরিপ্রেক্ষিতে গার্মেন্টের ম্যানেজার রতন বাবু  বৃহস্পতিবার হাফ বেতন দেয়ার প্রতিশ্রুতি দেয়। ম্যানেজারের কথা অনুযায়ী শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে বেতন দাবী করে। এসময় রতন বাবু শ্রমিকদের বেতন দেয়া হবে না বলে জানিয়ে দেয়। এছাড়া শুক্রবার থেকে গার্মেন্ট ছুটি ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ভাংচুর, সড়ক অবরোধ করে। শুক্রবার সকালে বকেয়া বেতন ভাতা পাওয়ার আশায় তারা ফের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা পুলিশ ও ছাত্রলী-যুবলীগের নেতাকর্মীদের ভয়ে পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি-তদন্ত ) মামুন মিয়া  জানান, শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল। পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রনে আসে। ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভাংচুরের ঘটনায় গার্মেন্টের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল খান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫’শ শ্রমিক ও বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

রূপগঞ্জে পেপার মিলে শ্রমিক অসন্তোষ : বকেয়া বেতনের দাবীতে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মুড়াপাড়া লিনা পেপার মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের ভেতরে কয়েক দফা বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে শ্রমিকরা টায়ারে অগ্নিসংযোগ করে ও মিলে ভাংচুর চালায়। পরে মালিকপক্ষ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

শ্রমিক শামীম ভূইয়া, আরাফাত হোসেন ও বাবুল মিয়া জানায়, শুক্রবার সকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। সকালে বেতন চাইতে গেলে প্রশাসনিক পরিচালক বিল্লাল হোসেন শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মিলের ভেতরে কয়েক দফা বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মিল ভাংচুর ও টায়ারে অগ্নিসংযোগ করে। পরে মালিকপক্ষ বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।  উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে বেতনের দাবীতে লিনা পেপার মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। প্রশাসনিক পরিচালক বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু উত্তেজিত শ্রমিক এ ঘটনা ঘটিয়েছে। শ্রমিকদের বেতন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। রূপগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত ) মামুন মিয়া জানান, বেতন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Rank