বাংলাদেশে বিনিয়োগ সৃষ্টি বড় চ্যালেঞ্জ

June 10, 2012 12:54 amViews:

গোলাম ফারুক দুলাল: গার্মেন্টস শ্রমিক আমিনুল হত্যা এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার কূলকিনারা না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। গতকাল সন্ধ্যায় রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় রাষ্ট্রদূত এ নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার যেসব দেশে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি হচ্ছে সেখানে এর প্রভাব পড়ছে। ঘটনাগুলো নিয়ে বিশ্ব মিডিয়ায় নিয়মিত প্রতিবেদন লেখা হচ্ছে। বিশ্বে বাংলাদেশের তৈরী পোশাকের সবচেয়ে বড় ক্রেতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের এ দূত সরকারসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের পর্যায়ে সম্পর্ক’ শীর্ষক ওই আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী গোলটেবিল আলোচনার আয়োজন করে।

মার্কিন রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, তৈরী পোশাক শিল্পে বাংলাদেশের সবার উপরে স্থান করে নেয়ার সুযোগ আছে। এ খাতে প্রবাসী বাংলাদেশী ও বিদেশীদের আরও বেশি বিনিয়োগ নিয়ে আসা সম্ভব। ইমেজ সঙ্কট কাটানো এবং দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় ড. রিজভী বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তার ধারাবাহিকতা রক্ষায় সব আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশী এবং বিদেশীদের বিদ্যুৎ, জ্বালানি এবং অবকাঠামো খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য দরজা সব সময় উন্মুক্ত রয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেকিল চৌধুরীর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় আংশ নেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান, খ্যাতিমান ব্যাংকার ইব্রাহিম খালেদ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, ব্যাংকার কাজী আকরাম উদ্দিন, হেলাল আহমেদ চৌধুরী, এম শাহ  এ সারোয়ার, ঢাকা স্টক একচেঞ্জ এর প্রেসিডেন্ট রকিবুর রহমান, আমেরিকান চেম্বারের আবদুল গফুর, এন আর বি ফেরদৌস আহমেদ, অর্থনীতিবিদ আহসান মনসুর, সাবেক সচিব ফিরোজ আহমেদ, শিক্ষাবিদ আবদুল হান্নান চৌধুরী,  ইঞ্জিনিয়ার শাজাহান খন্দকার, কৃষি গবেষক ফেরদৌসি বেগম, এডভোকেট ড. তুহিন মালিক, ব্যবসায়ী ও উদ্যোক্তা হাসিনা নেওয়াজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মনোরঞ্জন ঘোষাল, ব্যবসায়ী মনোয়ার হোসেন, হেলাল আহমেদ, ডেইজি সুলতানা প্রমুখ।

Rank