সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন তসলিমা

September 4, 2012 12:36 amViews: 6

মুরাদ মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ পশ্চিম বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন।

ভারতে অবস্থানরত তসলিমা নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “সুনীল তাকে এবং অন্যান্য তরুণী লেখক ও কবিকে যৌন হয়রানি করেছেন।”

 বিতর্কিত এই লেখিকা টুইটারে আরও লিখেছেন, ”আমার আগের চারটি পোস্ট শুধু এটা প্রমাণ করার জন্য যে, সুনীলজি এখন গণমাধ্যমে এই বলে মিথ্যাচার করছেন যে তিনি আমার দ্বিখ-ন্ডিত নিষিদ্ধ করাকে সমর্থন করেননি। সুনীল গঙ্গোপাধ্যায় বই নিষিদ্ধের পক্ষে ছিলেন। তিনি আমাকে ও অন্য নারীদেরকে যৌন হয়রানি করেছেন। তিনি সাহিত্য একাডেমির সভাপতি। লজ্জা লজ্জা!”

এ বিষয়ে জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বিভিন্ন মিডিয়াকে বলেন, “তসলিমা কলকাতায় এসে একেকবার একেকজনের নামে এসব কথা বলেছে। আমি আমার কাজে ব্যস্ত আছি।আমি এসবকে একেবারে পাত্তা দিচ্ছি না। ও বহুবার এসব কথা বলেছে।”
তসলিমার তৃতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ প্রকাশিত হওয়ার পর ২০০৭ সালের নভেম্বরে কলকাতার রাস্তায় প্রতিবাদ ও সংঘর্ষ হয়। এর ফলে পশ্চিমবঙ্গ সরকার তাকে কলকাতা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর একমাস পরে তসলিমা বিতর্কিত মন্তব্য থাকা বইয়ের ওই পৃষ্ঠাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে বাংলাদেশের কয়েকজন লেখকের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন তসলিমা।
তসলিমার লেখায় মৌলবাদীরা বিক্ষুব্ধ হয়ে তার ফাঁসির দাবি তুললে ১৯৯৪ সালে এই লেখক বাংলাদেশ ছেড়ে যান। গত ১৮ বছর ধরে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।

Rank