ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন : ডলারের বিপরীতে নেমেছে ইউরো
ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে আজ বড় ধরনের দরপতন ঘটেছে। এ ছাড়া, গত চার মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর দাম সবচেয়ে নিচে নেমে গেছে। গ্রিসে ঋণ সংকট এবং স্পেনে নতুন করে অর্থনৈতিক মন্দার কথা সরকারিভাবে স্বীকার করে নেয়ার পর ইউরোপের শেয়ারবাজারে দরপতনের খবর এল।
আজ বিকেলের প্রথম দিকেই লন্ডনের শেয়ারবাজার এফটিএসই’র সূচক এক দশমিক তিন শতাংশ কমে গেছে আর ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স-এ কমেছে শূন্য দশমিক আট ছয় শতাংশ। এদিকে, প্যারিসের শেয়ারবাজারে ১.১২ শতাংশ ও ইতালির মিলানে ২.২৭ শতাংশ দাম কমেছে। তবে, সবচেয়ে বেশি কমেছে মাদ্রিদ শেয়ারবাজারের সূচক। সেখানে শেয়ারের দাম কমেছে এক দশমিক আট শতাংশ।
বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ডলারের বিপরীতে ইউরোর দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়ে ১.২৬৬৭ -এ এসে ঠেকেছে। গতকাল নিউ ইয়র্কের বাজারে ডলারের বিপরীতে ইউরোর দাম ১.২৭১৫ ডলার ছিল। ইউরোজোন থেকে গ্রিস বের হয়ে যেতে পারে -এমন আশংকা দেখা দেয়ায় ডলারের বিপরীতে ইউরোর দাম কমেছে।




Leave a Reply