শেয়ার বাজার কেলেঙ্কারি: ফালু ও ইকবালসহ ১৩জন দুদকের তালিকায়

October 1, 2012 8:33 pmViews: 2

চলতি মাসেই শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালসহ এক ডজনের বেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের নতুন অনুসন্ধান কমিটি এ সংক্রান্ত একটি খসড়া তালিকাও করেছে। তবে তালিকায় আরও নাম যোগ হতে পারে বলে জানিয়েছে দুদক। খবর; রে.তে.

 

খসড়া তালিকায় আরো আছেন,ব্যবসায়ী লুতফর রহমান বাদল,  তার স্ত্রী সোমা আলম রহমান, সোমা আলমের বড় ভাই আহসান ইমাম ও তার স্ত্রী মেহজাবীন মোস্তফা ইমাম, ইয়াকুব আলী খোন্দকার ও তার মেয়ে সারাহ খোন্দকার, সেনা কর্মকর্তা আমজাদ হোসেন ফকির ও তার স্ত্রী রোকসানা আমজাদ, শেয়ার ব্যবসায়ী গোলাম মোস্তফা ও তার স্ত্রী নাসিমা আক্তার লতা এবং  আমেরিকা প্রবাসী শেয়ার ব্যবসায়ী মনিরউদ্দিন আহমেদ।

 

দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, লাখ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করে যারা  জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে তাদের ছাড়  দেয়ার কোনো প্রশ্নই আসে না।

 

দুদক জানায়, শেয়ার কেলেঙ্কারির হোতারা ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ১৫ জুন পর্যন্ত ৪৩৬ কোটি টাকা পাচার করেছে ।

 

বিষয়টিকে বড় ধরনের মানি লন্ডারিং হিসেবে গন্য করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করতে গত বৃহস্পতিবার দুদকের উপপরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে।  কমিটির অন্য সদস্যরা হলেন দুদকের উপ-সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম, হাফিজুর রহমান, রেজাউল ইসলাম তরফদার ও তাজুল ইসলাম।

Rank