ভারতে অবস্থানকালে বাংলাদেশী নাগরিক খুন; লাশ চেয়ে বিজিবির চিঠি

August 18, 2012 12:36 amViews:

আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর এলাকা দিয়ে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে ভারতীয় দুষ্কৃতিদের হাতে নিহত হয়েছে বাংলাদেশী এক নাগরিক।

শুক্রবার বিকেলে নিহতের লাশ ফেরত চেয়ে বিজিবি’র কাছে আবেদন করেছে তার অভিভাবক। নিহত ব্যাক্তি হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোজ্জাফর হোসেনের ছেলে আসাদুর রহমান (৩৪)।

৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জসিম উদ্দীন জানান, গত বুধবার  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকন সীমান্ত পথে ভারতে যায় আসাদুর। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিপুর থানার বাতসা গ্রামে আত্মীয় বাড়িতে অবস্থানকালে বৃহস্পতিবার স্থানীয় দুস্কৃতিদের হাতে নিহত হয় সে। ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা সরকারী হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে আসাদুরের লাশ বর্তমানে মালদা হাসপাতাল মর্গে রয়েছে। তিনি জানান, এ সংবাদ পেয়ে নিহত আসাদুরের বাবা মোজ্জাফর হোসেন শুক্রবার তার ছেলের লাশ ফেরত চেয়ে রোকনপুর সীমান্ত কোম্পানী কমান্ডারের মাধ্যমে বিজিবির কাছে আবেদন করেছেন। প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় ভারতের মালদা জেলার ভবানীপুর-কোটালপুর সীমান্ত ফাঁড়ীর বিএসএফকে চিঠি দিয়ে নিহত যুবকের লাশ ফেরত চেয়েছে বিজিবি।

Rank