আসন সংকটে অভিভাবকরা উদ্বিগ্ন ; মীরসরাইয়ে এইচএসসিতে ভর্তির প্রথম দিনে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়

June 12, 2012 9:51 pmViews:

ইলিয়াছ রিপন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাইয়ে সদ্য এসএসসি পরীক্ষায়  পাশকৃত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য উপজেলার ৬টি কলেজে ভিড় করছে। অন্যান্য বছরের তুলনায় সারাদেশের পাশাপাশি মীরসরাই উপজেলায় এসএসসিতে পাশের হার বেড়ে যাওয়ায় প্রথম দিনে কলেজগুলোতে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভীড় লক্ষনীয়। অপরদিকে কলেজগুলোতে নির্দিষ্টি আসন পূরণ হওয়ার পর অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে কিনা এ ব্যাপারেও শঙ্কা দেখা দিয়েছে। ফলে আসন সংকটে শিক্ষার্থীদের পড়ালেখা বিপর্যস্ত হওয়ার আশংকার অভিবাবকরা উদ্বিগ্ন। মীরসরাই ডিগ্রী কলেজ, বারইয়াহাট ডিগ্রী কলেজ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, জোরারগঞ্জ মহিলা কলেজ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, মহাজনহাট ফজলুর রহমান কলেজে দ্বাদশ শ্রেণীতে ভর্তির প্রথম দিনে শিক্ষার্থীরা ভীড় জমাচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে মীরসরাই ডিগ্রী কলেজে গিয়ে দেখা যায়, ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের দীর্ঘ লাইন। তারা রোদ ও তীব্র তাপদাহ উপেক্ষা করে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হচ্ছে।  ভর্তিচ্ছুক নাতনিকে নিয়ে আসা আব্দুল বারেক জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে মফস্বলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এত ভীড় দেখিনি।  নাজমুল হাসান নামের এক অভিবাবক জানান, চট্টগ্রামের একটি কলেজে তার মেয়ে তারিন ভর্তি পরীক্ষায় দিয়েছে। আগামী ১৭ তারিখে ভর্তির ফলাফল প্রকাশ করবে। মীরসরাইয়ের কলেজগুলোতে যে ভীড় শুরু হয়েছে মেয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে আসনগুলো পূর্ণ হয়ে যাবে।  দুর্ভাগ্যক্রমে তার মেয়ে যদি সেখানে না টিকে পরবর্তীতে মীরসরাইয়ের কলেজগুলোতে আসন না পাওয়ার শঙ্কা রয়েছেন।

অতিরিক্ত ছাত্র-ছাত্রীদের কি হবে এমন প্রশ্নের জবাবে মীরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী জানান, ‘দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উচ্চ শিক্ষার আলো পৌঁছে দিতে যেহেতু আমাদের পথচলা সেহেতু আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  সাথে আলোচনার মাধ্যমে কার্যকরী পদক্ষেভ নেয়া হবে। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার বলেন, ব্যবসায় শিক্ষায় ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রচন্ড ভীড়। আসন সংকুলানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সাংসদকে ডিও লেটারের মধ্যমে আসন বাড়িয়ে ভর্তি করা সম্ভব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, কলেজগুলোতে দ্বাদশ শ্রেণীতে পর্যাপ্ত পরিমান আসন সংখ্যা রয়েছে। সেহেতু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্বিগ্ন হবার কোনো অবকাশ নেই।

Rank