চা-শ্রমিকদের বিরল ভালবাসার উপহার প্রধানমন্ত্রীর হাতে
মুরাদ মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ নিজেদের জমানো অর্থে তৈরি সোনার বালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরিয়ে দিয়ে ভালবাসার এক অনন্য নজির স্থাপন করলেন হবিগঞ্জ জেলার চা-শ্রমিকরা।মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বালা দুটি প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেওয়া হয়।
চা শ্রমিকরা জানায়, হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক প্রতি মাসে ৫০ পয়সা করে জমিয়ে শেখ হাসিনার জন্য বালাগুলো গড়েছেন ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের হবিগঞ্জ জেলার প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর হাতে বালা দু’টি পরিয়ে দেন। এসময় এক আবেদঘন পরিবেশের সৃষ্টি হয়।এ সময় চা শ্রমিকরা প্রধানমন্ত্রীকে একটি মানপত্র প্রদান করেন।
প্রধানমন্ত্রীকে বালা পরিয়ে দিয়ে উপস্থিত শ্রমিকরা প্রধানমন্ত্রীকে বলেন, “বঙ্গবন্ধু তাদের ভোটাধিকার দিয়েছিলেন। তখন থেকেই তাদের প্রতীক নৌকা। আওয়ামী লীগ ২৫ বছর ক্ষমতায় ছিল না। সেসময় তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন করা হলেও তারা নৌকা প্রতীক ছাড়েন নাই।”
তারা কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “আমরা অসহায় ও বঞ্চিত মানুষের জন্য রাজনীতি করি। আমরা যখনই সরকার পরিচালনার দায়িত্ব পাই আপনাদের জন্য কিছু না কিছু করি। আপনাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের কাজ।”
প্রধানমন্ত্রী এ সময় চা শ্রমিক প্রতিনিধি দলের বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা স্বপন সাওতাল ও কাঞ্চন পাত্র এবং লস্করপুর ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের সভাপতি অভিরত বাকতি এ সময় উপস্থিত ছিলেন।




Leave a Reply