বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না- প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কক্সবাজারের রামুসহ চট্টগ্রামের পটিয়ায় হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। জড়িতদের গ্রেপ্তার করা, ব্যবস্থা নেয়া- এটা আমরা করবই, ব্যবস্থা নেবই। যারা তা ঘটিয়েছে, তাদের ছাড়ব না।”
শনিবার বাংলাদেশের বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে এসব কথা বলেন।
হামলার জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ”আগামী ঈদুল আজহা, দুর্গাপূজাসহ বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের আগে সব ধর্মের মানুষকে সতর্ক থাকতে হবে। তারা যে খেলা শুরু করেছে, তা তারা অনেকভাবেই করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্য সচিব অশোক বড়ুয়া প্রধানমন্ত্রীকে জানান, তাদের পাঁচ সদস্যের একটি দল ঘটনার তদন্ত করেছে, যার নেতৃত্বে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা টি আর বড়ুয়া। বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির তদন্তে এই ঘটনার তিনটি কারণ খুঁজে পাওয়া গেছে বলে জানান অশোক। তা হল- রোহিঙ্গা ইস্যুটিতে ঘোলাটে করা, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করা।
হামলার পর কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর ত্বরিত নির্দেশে সন্তোষ প্রকাশ করেন বৌদ্ধ নেতারা।
হামলায় ক্ষতিগ্রস্ত উপাসনালয় পুনর্নির্মাণ করা হবে বলে প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তার আশ্বাসও দেন তিনি।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
”
“”




Leave a Reply