বিচারিক আদালত থেকেও জামিন পেলেন বিএনপিপন্থী ২৫ আইনজীবী

June 3, 2012 8:36 pmViews:

ঢাকার জজ কোর্টে ভাঙচুর ও বিশৃঙ্খলার মামলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন ও সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়াসহ ২৫ আইনজীবী বিচারিক আদালত থেকেও জামিন পেয়েছেন।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আজ (রোববার) তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম ১৯ জুন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। দ্রুত বিচার আইনের এ মামলায় আসামিদের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্রও গ্রহণ করেছেন তিনি।

পলাতক দেখানো তিন আইনজীবী কামাল হোসেন, সিমকি ইমাম ও শামীমা আক্তার (শাম্মী) আজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে এ তিনজনসহ মোট ২৫ জনের পক্ষে জামিনের শুনানি শেষে আদালত তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নেতা বোরহান উদ্দিন এবং সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেয় কোতোয়ালি থানা পুলিশ। ওই দিনই ২৫ জন আইনজীবীর ২২ জন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। হরতালের একটি মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে গত ২২ মে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন এবং কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেন। সে সময় মহানগর দায়রা জজ এবং জেলা জজ আদালতের সাঁটলিপিকারের কার্যালয়ের কাচের জানালা এবং দরজা ভাংচুরের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন ওই রাতেই ২৯ জন দ্রুত বিচার আইনে এই মামলা করেন। মামলায় বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আদালতে ভাংচুর এবং বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়। খবর; রে.তে.

Rank