রেলমন্ত্রীর পদত্যাগে চট্টগ্রামের শ্রমিকলীগ, শ্রমিক দলের আনন্দ মিছিল

April 17, 2012 1:16 amViews:

গোলাম ফারুক দুলাল :৭০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারীর দায়ভার কাঁধে নিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের খবরে চট্টগ্রামে রেলের সদর দপ্তরে আনন্দ মিছিল করেছে রেল শ্রমিকলীগ ও শ্রমিক দল।

দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রেলমন্ত্রীর পদত্যাগের ঘোষনার পর পরই চট্টগ্রাম সিআরবি ভবন থেকে পৃথক পৃথক মিছিল বের করে রেলওয়ে শ্রমিক লীগের একাংশ এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়য়তাবাদী শ্রমিক দল। এসময় মিছিলকারীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়োগ প্রক্রিয়া সচল রাখা এবং জিএম ইউসূফ আলী মৃধার অনিয়ম দুর্নীতির জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

মিছিলটি পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের সিআরবি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে। এরপর জিএম কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শ্রমিক দল।
সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক এ আর মনজু বলেন, রেলমন্ত্রি ঘুষ ও দূর্নীতির দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। তার জন্য সাধুবাদ জানায় এবং ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত ইউসূফ আলীকে সাময়িক বরখাস্ত রেলমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার একজনের জন্য পুরো রেলওয়েকে অচল করে রাখা যাবে না। মন্ত্রী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের যে আদেশ দিয়েছেন তা যুক্তিযুক্ত নয়। কারণ রেলকে সচল রাখতে হলে নিয়োগ প্রক্রিয়া সচল রাখতে হবে। জিএমর অনিয়ম দুর্নীতির জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।

এদিকে দুপুর একই স্থানে নিয়োগ প্রক্রিয়া সচল রাখা ও নিয়োগে অনিয়ম দুর্নীতির ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করার দাবিতে মিছিল-সমাবেশ করে রেলওয়ে শ্রমিক লীগ (শেখ লোকমান গ্রুপ)।

সিআরবি ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা রেলের নিয়োগ প্রক্রিয়া সচল রেখে সঠিক তদন্তে মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি জানান ।

Rank