খাদ্য সংকটের বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছে – খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল প্রতিনিধি : খাদ্য ও দূর্যোগ ববস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য সংকটের বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছে। চলতি মৌসুমে ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। দেশের খাদ্য সংকট মোকাবেলা করে খাদ্য শস্য রপ্তানি করা সম্ভব হবে। তিনি বুধবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর ও ঘাটাইল উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।
তিনি আরো বলেন, সখীপুর ও ঘাটাইলের ক্ষতিগ্রস্ত চাষীদের বিনামূল্যে সার, বীজ ও কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। স্থানীয় এমপি শওকত মোমেন শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. কামরুল ইসলাম, ডেপুটি এটর্ণি জেনারেল অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রমূখ।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১৪হাজার একশ ৫৫টি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী ও চালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।




